হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত
শেরপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. আবদুল জলিল (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন। উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনীয়া গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল রোববার সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আবদুল জলিল দশকাহনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লুৎফর রহমান তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে বিরোধপূর্ণ জমির খেতের আইল কাটতে যান। এ সময় তাঁদের বাধা দেন আবদুল জলিল ও তাঁর ছেলে জিয়াউল ইসলাম। তাঁরা জলিলকে মারধর করেন এবং জিয়াউলকে দেশী অস্ত্র দিয়ে আঘাত করেন। জলিল অচেতন হয়ে পড়েন। ঘটনার পরপরই লুৎফর ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ওই দুজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জলিলকে মৃত ঘোষণা করা হয়।