নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলার রসুলপুরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম শেখ স্বাধীন মনির ওরফে মনির হোসেন (৩৫)। তিনি রসুলপুর এলাকার মুসলিশ শেখের ছেলে।

মনির ফতুল্লা থানা আওয়ামী জনতা লীগের সভাপতি ছিলেন বলে তাঁর স্বজনদের ভাষ্য।

এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, গতকাল রাতে মনির, তাঁর স্ত্রী পারভীন ও স্ত্রীর বড় বোন রেখা এক আত্মীয় বাড়ি থেকে রসুলপুর এলাকার বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা মনিরকে ছুরিকাঘাত করে। তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী ও স্ত্রীর বড় বোন এগিয়ে আসেন। ছুরিকাঘাতে তাঁরাও আহত হন। আশপাশের লোকজন তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনির মারা যান।

এলাকায় আধিপত্য বিস্তার ও ডিশ লাইনের দখল নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন বলেন, মনিরের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা হবে।