জয়পুরহাটে হামলায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলায় আহত জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ মারা গেছেন। আজ রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ৪ জুন রাতে ইউনিয়নের কোঁচকুঁড়ি গ্রামে নিজ বাড়ির অদূরে দুর্বৃত্তের হামলার শিকার হন আজাদ। তাঁকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করা হয়।

হামলায় আহত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সকাল ছয়টার দিকে মারা যান আজাদ। তাঁর নিকট আত্মীয় আবু বক্কর সিদ্দিক এবং জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন আজাদ। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী হাতেম আলী।

পুলিশ, পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, হামলার দিন উপজেলার দূর্গাদহ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন আজাদ। তাঁর সঙ্গে পবিত্র মন্ডল নামের এক প্রতিবেশী ছিলেন। বাড়ির অদূরে মোটরসাইকেলটির গতিরোধ করে দুর্বৃত্তরা। তাঁরা আজাদকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। এ সময় তাঁর সঙ্গী পবিত্র মন্ডল চিৎকার করে পালিয়ে যান। চিৎকার শুনে নয়ন নামের এক ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসেন। তাঁকেও আহত করে দুর্বৃত্তরা। পরে দুজনকেই চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

হামলার ঘটনায় গত ৫ জুন আজাদের ছোট ভাই এনামুল হক সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। সাতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।