হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হাটশেরপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন তরফদার (৪২) মারা গেছেন। গত বুধবার সন্ধ্যায় হাসপাতালে তিনি মারা যান।

৭ জানুয়ারি হাটশেরপুর ইউনিয়নের নিজবরুরবাড়ি (ভেকিরপাড়া) গ্রামে বসা সালিস বৈঠকে এই ঘটনা ঘটে। এতে হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সারিয়াকান্দি থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিজবরুরবাড়ি সড়কে ইট বিছানোকে কেন্দ্র করে রাস্তার সীমানা নিয়ে জটিলতা বাধলে গত শনিবার নিজবরুরবাড়ি (ভেকিরপাড়া) গ্রামে সালিস বৈঠক বসে। বৈঠকে বিরোধপূর্ণ জায়গার মালিক মোস্তাফিজার রহমানকে রাস্তার সীমানা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেন ইউপি সদস্য মাহিন তরফদার। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তাফিজার রহমানের লোকজন তাঁর ওপর হামলা করে। গুরুতর আহত মাহিন তরফদারকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে রাতেই মাহিন তরফদারের লোকজন মোস্তাফিজার রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ওয়াহেদুজ্জামান বলেন, হামলার ঘটনায় ৯ জানুয়ারি নিহত মাহিন তরফদারের ভাই শামীম আহম্মেদ বাদী হয়ে মোস্তাফিজার রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ চার​জনকে গ্রেপ্তার করেছে।