হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আহত আবদুল মান্নান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। আবদুল মান্নান ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সেলিমের চাচা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মী জানান, গত ১৯ এপ্রিল রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জামাল উদ্দিন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন কর্মী আহত হন। এঁদের মধ্যে সেলিমের চাচা আবদুল মান্নান গুরুতর আহত হন। তাঁকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৯ এপ্রিল অবস্থার উন্নতি হলে তাঁকে গ্রামের বাড়িতে আনা হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
এ প্রসঙ্গে মো. সেলিম বলেন, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরাই এ কাজ করেছেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জামাল উদ্দিন বলেন, ‘আগে আমার লোকদের সঙ্গে একটি গন্ডগোল হয়েছিল, এতে আবদুল মান্নান আহত হয়েছিলেন। পরে তিনি চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন। আজ শুনলাম, তিনি মারা গেছেন।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
৭ মে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হয়েছেন।