হামলায় আহত কলেজশিক্ষকের জ্ঞান ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর জ্ঞান ফিরেছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রিপন চক্রবর্তীর স্ত্রী মনিমালা রায় প্রথম আলোকে এসব তথ্য জানান।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিপন চক্রবর্তী।

কলেজের সহযোগী অধ্যাপক ও সার্জারি বিশেষজ্ঞ মো. জহুরুল হক গতকাল বুধবার রাতে জানান, রিপন চক্রবর্তী এখন শঙ্কামুক্ত। তাঁর অবস্থা উন্নতির দিকে।

রিপন চক্রবর্তীর স্ত্রী মনিমালা রায় জানান, আজ সকালে তাঁর স্বামীর সিটি স্ক্যান ও এক্স-রে হওয়ার কথা রয়েছে।

মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে গতকাল বিকেলে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। কলেজ ক্যাম্পাসের পাশে শিক্ষকের বাসায় ঢুকে দুর্বৃত্তরা এই হামলা চালায়। পালিয়ে যাওয়ার সময় হামলাকারীদের একজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

পরে গুরুতর অবস্থায় রিপন চক্রবর্তীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিকেল কলেজের সার্জারি বিশেষজ্ঞ মো. জহুরুল হক জানান, রিপন চক্রবর্তীর মাথা, ঘাড় ও কানে ধারালো অস্ত্রের ছয়টি আঘাত রয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছে হামলায় ব্যবহৃত একটি চাপাতি পাওয়া গেছে। আটক হামলাকারী পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁর নাম গোলাম ফাইজুল্লাহ ফাহিম (২০)। বাবার নাম গোলাম ফারুক। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের দীঘিরপাড় গ্রামে।