হামলায় আহত কৃষক দুই পা হারালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হামলায় আহত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের কৃষক শাহানূর আলমের দুই পা কেটে ফেলতে হয়েছে। তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
শাহানূরের (৪৫) ওপর গত ১৬ অক্টোবর সকালে তাঁর নিজ গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাঁর দুই পা ভেঙে দেয়। এ ঘটনার এক দিন পর তাঁর ভগ্নিপতি ইয়াকুব আলী বাদী হয়ে ঝিনাইদহ আমলি আদালতে মামলা করেন। এতে নলভাঙ্গা গ্রামের বাসিন্দা স্থানীয় কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ সাতজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন একই গ্রামের বিল্লাল হোসেন, জাহিদুল ইসলাম, ইমদাদুল ইসলাম, হাসান আলী, মোতালেব হোসেন ও টুকু মিয়া।
এজাহার ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, শাহানূরের কলেজ ও স্কুলপড়ুয়া দুই মেয়েকে কামাল হোসেনসহ গ্রামের কয়েকজন বখাটে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। অতিষ্ঠ হয়ে মেয়েরা বাবা শাহানূরকে বিষয়টি জানায়। পরে তিনি গ্রামের কয়েকজনকে বিষয়টি জানান। এ ঘটনার বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে কামাল হোসেনের নেতৃত্বে শাহানূরের ওপর ওই হামলা হয়। একপর্যায়ে তিনি সংজ্ঞা হারান। তাঁকে মৃত ভেবে হামলাকারীরা চলে যান। পরে গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেশ কয়েক দিন চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
গতকাল শনিবার মুঠোফোনে জানতে চাইলে শাহানূরের কলেজপড়ুয়া মেয়ে প্রথম আলোকে বলেন, ‘এমনভাবে আঘাত করা হয়েছে যে আমার বাবার পায়ে পচন ধরে গিয়েছিল। এ কারণে এক সপ্তাহ আগে একটি পা হাঁটুর ওপর থেকে ও অন্যটি হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়।’ তিনি আরও বলেন, এত দিনেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। ভয়ে তাঁর ছোট ভাইকে পালিয়ে বেড়াতে হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সদস্য কাষ্টভাঙ্গা ইউপির চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে তাদের বাবা শাহানূরের ওপর এ হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
এ বিষয়ে কামাল হোসেনের সঙ্গে গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মেয়েদের উত্ত্যক্ত করার বিষয়টি তাঁকে কেউ বলেননি। তিনি শুনেছেন এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় কৃষক শাহানূর গুরুতর আহত হন। তাঁর দুটি পা কেটে ফেলতে হয়েছে বলেও শুনেছেন। তবে হামলার ঘটনায় থানায় মামলা করতে বলেছিলেন, কিন্তু মামলা করা হয়েছে আদালতে। তা এখনো থানায় আসেনি।