হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ ওরফে কমল (২৪) গতকাল সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বোববার দুপুরে স্থানীয় ছাত্রলীগের এক কর্মী তাঁর লোকজন নিয়ে ইবনে আজাদকে কুপিয়ে ও পিটিয়ে আহত করলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইবনে আজাদ পৌর শহরের জামতলা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম আবুল কালাম।
নিহতের স্বজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার বেলা আড়াইটার দিকে গফরগাঁও পৌর শহরের স্টেশন রোডের একটি বিপণিবিতান থেকে পৌর শহরের জামতলা মোড়ে নিজ বাড়ি যাওয়ার সময় ছাত্রলীগ কর্মী শাহাবুল তাঁর লোকজন নিয়ে আজাদের ওপর হামলা করেন। হামলাকারীরা আজাদকে রামদা দিয়ে কোপায় ও পাইপ দিয়ে পেটায়।
শাহাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের মুঠোফোনটি গতকাল বিকেলে বন্ধ পাওয়া যায়। গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি।