হামলায় আহত দুজনের মৃত্যু
পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় আহত কাইউম শেখ (১৭) নামের এক স্কুলছাত্র মারা গেছে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় আহত সিএনজিচালিত অটোরিকশার চালক বাবুল মোল্লা (৩৬) মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত স্কুলছাত্র কাইউম শেখ পিরোজপুর সদর উপজেলার কুমারখালী গ্রামের ইউনুস শেখের ছেলে। সে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র প্রথম আলোকে জানায়, খেলাধুলা নিয়ে বিরোধের জেরে গত রোববার বিকেলে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বৈশাখী মেলা থেকে কয়েকজন কিশোর কাইউমকে ডেকে পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে তারা কাইউমকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাইউম মারা যায়।
কাইউমের বাবা ইউনুস শেখ প্রথম আলোকে বলেন, ‘আমার দুই ছেলে ছিল। এক ছেলে দুই বছর আগে ক্যানসারে মারা গেছে। আরেক ছেলে (কাইউম) মারা গেল পিটুনিতে আহত হয়ে। আমার বুক খালি হয়ে গেছে।’
নাম প্রকাশ না করার শর্তে কাইউম শেখের এক আত্মীয় বলেন, ‘কাইউমকে প্রভাবশালী পরিবারের ছেলেরা পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে গিয়েছিল। আমরা মামলা করার আগ পর্যন্ত তাদের নাম গোপন রাখতে চাচ্ছি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদউজ্জামান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রদের মধ্যে বিরোধের জেরে কাইউম আহত হয়েছিল। এ ঘটনায় হত্যা মামলা নেওয়া হবে।
এদিকে ফরিদপুরে নিহত অটোরিকশাচালক বাবুল মোল্লার বাড়ি সদরপুর উপজেলার শৈলডুবি গ্রামে। তাঁর চাচাতো ভাই আউল বাসার মিয়া বলেন, গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গা উপজেলার জাহানপুর এলাকায় কিছু দুর্বৃত্ত বাবুলকে কুপিয়ে গুরুতর জখম করে তাঁর অটোরিকশাটি নিয়ে যায়। স্থানীয় লোকজন বাবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গভীর রাতে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।