হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী খোরশেদ আলমের (৩৩) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। তিনি জমির ব্যবসা করতেন।
নিহত খোরশেদের ভগ্নিপতি মোহাম্মদ শাহীন প্রথম আলোকে বলেন, ৪ ডিসেম্বর চাঁদাবাজেরা নগরের খুলশী মুরগির ফার্ম এলাকার বাসায় যাওয়ার পথে রড ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন খোরশেদকে।
মোহাম্মদ শাহীন বলেন, এর পর থেকে খোরশেদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
হত্যার ঘটনায় ওই ব্যবসায়ীর বোন মাকসুদা আক্তার বাদী হয়ে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে খুলশী থানায় হত্যা মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, জমি নিয়ে ব্যবসায়ী খোরশেদের সঙ্গে আসামিদের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হতে পারে। চাঁদার জন্য খুন করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।