হামলায় আহত যুবকের মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গত শনিবার হামলায় আহত হয়ে সারারকোনা গ্রামের আজগর আলী (৩৩) গত সোমবার মারা গেছেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে তাঁর ছোট ভাই আবদুল আলী থানায় মামলা করেছেন।
পুলিশ, এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা গেছে, আজগর আলীর ভাই মাহবুব আলমের (২২) সঙ্গে কিছুদিন ধরে পাশের আমতলী গ্রামের স্বপন খানের (২৬) বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার বেলা দুইটার দিকে আমতলী মোড়ে কয়েকজন সহযোগী নিয়ে মাহবুবকে মারধর করেন স্বপন খান। খবর পেয়ে আজগর আলী এগিয়ে এলে হামলাকারীরা তাঁকেও লাঠি দিয়ে মারধর করেন। পরে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে তাঁদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রাতেই আজগর আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন রোববার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার তিনি মারা যান। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে তাঁর লাশ দাফন করা হয়। হামলার ঘটনায় গতকাল বুধবার রাতে নিহত ব্যক্তির ছোট ভাই আবদুল আলী বাদী হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেছেন। এতে স্বপন খানসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।