হামলায় আহত যুবকের মৃত্যু, প্রতিবাদে বাড়িঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার হালগড়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত এক তরুণ গতকাল শুক্রবার মারা গেছেন। এর জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দেওয়া হয়। এতে কমপক্ষে ২৫টি ঘরবাড়ি পুড়ে গেছে।
নিহত তরুণের নাম মো. আব্দুস সাত্তার (২৮)। তিনি হালগড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, হালগড়া গ্রামের মো. রফিকুল ইসলাম ও মো. আব্দুল কাদিরের মধ্যে এক একর জমি নিয়ে মামলা-মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের তিনজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আব্দুল কাদিরের ছোট ভাই আব্দুস সাত্তার গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় রফিকুল ইসলাম ও তাঁর লোকজন বাড়ি থেকে মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে এলাকার লোকজন রফিকুল ইসলাম ও প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনাসদস্য রইছ উদ্দিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২৫টি ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় কিছু লোক পুলিশের ওপর আক্রমণ করে। এতে শেরপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ ছয়টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন আগুন নেভায়।
রৌহা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আরিফ হোসেন বলেন, সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম খানের উপস্থিতিতে আগুন লাগানো হয়।
এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও (এসআই) নজরুল ইসলাম খানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, হত্যা মামলা থেকে বাঁচার জন্য প্রতিপক্ষকে ফাঁসাতে আসামিপক্ষের লোকজন নিজেদের বাড়িঘরে আগুন দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।