হামলায় আহত যুবদলের সাবেক নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত উপজেলা যুবদলের সাবেক নেতা নজরুল ইসলাম গত রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মো. নজরুল ইসলাম (৩৮) উপজেলা সদরের দুর্গারামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।
থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নজরুল ইসলামকে তাঁর বাড়ির উঠানে প্রতিবেশী পারভিন বেগমের নেতৃত্বে তিনজন কুপিয়ে জখম করেন। এলাকাবাসী উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত চারটার দিকে তিনি মারা যান।
হামলার পর প্রথমে বৃহস্পতিবার রাতে নজরুলের স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে পারভিন বেগম, তাঁর দুই ছেলে ফারুক মিয়া ও ইয়াছিন মিয়ার নাম উল্লেখ করে বাঞ্ছারামপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেন। বৃহস্পতিবার রাতেই পারভিন বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
নজরুল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন দুর্গারামপুর গ্রামের বাসিন্দারা।
নজরুলের বড় বোন ইয়াছমীন আক্তার অভিযোগ করেন, ‘আমার ভাই পারভিনের কাছে সাত লাখ টাকা পাইত। সেই টাকা চাওয়ায় পারভিন, তার দুই ছেলে ও তাদের সহযোগীরা কুপিয়ে আমার ভাইকে হত্যা করেছে।’
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, নজরুল হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করতে আদালতে আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।