হামলায় কর্মচারী আহত, প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কর্মচারী আমজাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালের কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার দুপুরে তাঁরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আমজাদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ক্যাশ সরকার পদে কর্মরত। গত বৃহস্পতিবার সকালে পূর্ববিরোধের জের ধরে হাসপাতালে ঢোকার সময় একদল লোক তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনায় ওই দিনই তিনি শহরের উত্তর পৈরতলা এলাকার আলী হোসেনসহ আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
আমজাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে সদর হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আবদুল মোতালিবের নেতৃত্বে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নুরুস শামস, সদর হাসপাতালের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আবু বাছির প্রমুখ।
এ বিষয়ে সদর থানার ওসি মঈনুর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।