হামলায় ছাত্রলীগের এক কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত সোমবার রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগের একজন কর্মী গুরুতর আহত হয়েছেন।
তিনি হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রীতম রায়। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ছাত্রলীগ সূত্র জানায়, গত সোমবার রাত ১০টার দিকে ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দাঁড়িয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী গল্প করছিলেন। এমন সময় ক্যাম্পাসের বাইরে সর্দারপাড়া এলাকার প্রায় ২০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায়। এতে প্রীতম রায় (২১) আহত হন। তাঁর ঘাড়ে গুরুতর জখম রয়েছে বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ জানিয়েছেন। এদিকে ক্যাম্পাসে এ ঘটনা জানাজানি হলে ওই রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান ছুটে যান। সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের হস্তক্ষেপে বহিরাগত ব্যক্তিরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান বলেন, বহিরাগত ব্যক্তিরা এসে ক্যাম্পাসে গন্ডগোলের সূত্রপাত করেছে। তবে এটি হচ্ছে তুচ্ছ একটি ঘটনা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে সর্দারপাড়ার কিছু ছেলের কথা-কাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।