হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত, সভাপতি বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা ফজলুল হক হলের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুই কর্মী হলেন ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এস এম সাজ্জাদ হোসাইন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অনিক মাহমুদ। তাঁদের মধ্যে অনিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সহসভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে শের-ই-বাংলা ফজলুল হক হলের সামনে সাজ্জাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পক্ষের সহসভাপতি আতিকুর রহমান, মেহেদি হাসান (বহিষ্কৃত), যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মাহবুবুর রহমান পলাশসহ অন্য নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাজ্জাদকে মারধর শুরু করেন সভাপতি পক্ষের নেতা-কর্মীরা।
সাজ্জাদ সেখান থেকে চলে গেলে হলের সামনে থাকা ছাত্রলীগের অপর কর্মী অনিককে মারধর শুরু করেন। একপর্যায়ে অনিক দৌড় দেন। হামলাকারীরা ধাওয়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে তাঁকে ধরে রড দিয়ে আঘাত করেন। পরে অনিককে সেখান থেকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর একদল কর্মী-সমর্থক বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ছাদে লোহার রড, পাইপ, রামদা, ছুরি নিয়ে অবস্থান করেন। আরেক দল নেতা-কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থান নেন। এতে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
এদিকে অনিকের ওপর হামলার প্রতিবাদে বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগ-যুবলীগের স্থানীয় কর্মীরা। মিছিল নিয়ে তাঁরা প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা ফটক বন্ধ করে দেন। পরে বিক্ষোভকারীরা বিনোদপুর বাজারে গিয়ে প্রায় ১৫ মিনিট ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। মতিহার থানার পুলিশ এসে তাঁদের সঙ্গে কথা বলার পর বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।