হামলায় নবীন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান ভন্ডুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের হামলায় মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির পরিচিতিমূলক অনুষ্ঠান ভন্ডুল হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা মিলনায়তনের দরজা ও জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় নবীন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কলেজের শহীদ জিয়া মিলনায়তনে একাদশ শ্রেণির পরিচিতিমূলক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ভর্তি কমিটির আহ্বায়ক মো. রফি উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম। আহ্বায়কের স্বাগত বক্তব্য এবং নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার প্রদান শেষে বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে নবীনদের পরিচয় করানো হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে কতিপয় উচ্ছৃঙ্খল শিক্ষার্থী মিলনায়তনের দরজা-জানালার কাচ ভাঙচুর শুরু করেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অনেকেই এই ঘটনার জন্য ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন।
ভর্তি কমিটির আহ্বায়ক মো. রফি উদ্দিনসহ কয়েকজন শিক্ষক বলেন, তখন মিলনায়তনে ছাত্রÑও অভিভাবকসহ প্রায় এক হাজার লোক উপস্থিত ছিলেন। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনেকেই কান্নাকাটি শুরু করেন। এ অবস্থায় পরিচিতিমূলক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ বলেন, ‘হামলার ঘটনা শুনে আমি নিজেই গিয়েছিলাম। অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতির নাম ঘোষণা এবং তাঁকে মঞ্চে নেওয়া হলো না কেন—এ জন্য ভাঙচুর চালানো হয়েছে।’
তবে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল পোলাপান ভাঙচুর করেছে। ওরা ছাত্রলীগের কেউ না। আমি ওরিয়েন্টেশন ক্লাসে ছিলাম। পরে চলে আসি। আমি আসার পর অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কে বা কারা করেছে এটা জানি না। আমার নাম ঘোষণার দাবির বিষয়টি ঠিক না। আমার নাম কেন ঘোষণা করা হবে। আমরা নবীনদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছি।’
অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম বলেন, ‘সুন্দরভাবে অনুষ্ঠান শুরু করেছিলাম। কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্র হামলা করেছে। কেন এ ঘটনা ঘটানো হয়েছে, জানি না। এতে কলেজের সুনাম ক্ষুণ্ন হয়েছে। ভাঙচুরে দেড়-দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। শিক্ষক পরিষদের সভায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ক্ষতি নিরূপণের জন্য একটি কমিটি করে দেওয়া হবে।’