হামলায় পরাজিত কাউন্সিলর প্রার্থীর ৩ সমর্থক আহত
সিটি নির্বাচনে পরাজিত এক কাউন্সিলর প্রার্থীর তিন সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল রোববার রাত নয়টার দিকে চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আমির হোসেন, তাজুল ইসলাম ও মো. রাজীব।
অভিযোগ উঠেছে, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী কাউন্সিলর জহুরুল আলমের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। গত ২৮ এপ্রিল সিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগ-সমর্থিত আরেক প্রার্থী এরশাদ মামুনকে পরাজিত করেন।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, ফিরোজ শাহ কলোনি এলাকায় জয়ী ও পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। এরশাদ মামুনের এক সমর্থককে কোপানো হয়েছে। পিটিয়ে আহত করা হয়েছে দুজনকে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘হামলাকারীদের অবশ্যই বিচার হওয়া উচিত। তবে আমার কোনো কর্মী-সমর্থক এ হামলায় জড়িত নয়।’