ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছেন। উপজেলার চরশ্রীরামপুর গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আবদুল মন্নান (৭০) ও তাঁর ছেলে আবু সাইদ (৩০)।
আবদুল মন্নানের স্ত্রী আয়েশা খাতুন বলেন, তাঁর শ্বশুর মৃত জরিপ শেখের তিন ছেলে। শ্বশুরের জমিজমা তিন ছেলের মধ্যে ভাগাভাগি হয়েছে প্রায় ১০ বছর আগে। তবে বাড়ির জমিটুকু ভাগাভাগি হয়নি। গত শনিবার জমি পরিমাপকারী এনে জমির পরচা ও নকশা দেখে ভিটার জমি পরিমাপ করা হচ্ছিল। কিন্তু তাঁর ভাশুর মৃত মিয়া হোসেনের সন্তানেরা জমির পরিমাপ মানতে অস্বীকার করেন। এ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। রোববার তাঁর স্বামী ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। তখন বাবাকে বাঁচাতে গিয়ে তাঁদের দুই ছেলে আবু সাইদ ও আবুল কালাম আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে আবুল কালাম সুস্থ আছেন। বাকি দুজন গতকাল সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।