কক্সবাজারের মহেশখালীতে কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমি জরিপ করতে গিয়ে একদল লোকের হামলায় জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের খন্দারবিল পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের উত্তর পাশের ওই বিদ্যুৎকেন্দ্রের জন্য ১ হাজার ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদুর রহমান, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুজিবুর রহমান, বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলম, কানুনগো বিজয় শংকর চাকমা ও শ্রীমন ভট্ট, সার্ভেয়ার মনিরুজ্জামান ও নাজমুল হক, কর্মচারী মইনুদ্দিন, স্পিডবোটচালক জসিম উদ্দিন ও শাহাব উদ্দিন। তাঁরা লাঠিসোঁটার আঘাতে আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার নেতৃত্বে আট সদস্যের একটি দল দুটি স্পিডবোটযোগে কক্সবাজার শহর থেকে মাতারবাড়ী যান। সকাল ১০টার দিকে খন্দারবিল গ্রামের মোস্তফা সল্ট মিলের সামনে আওয়ামী লীগের কর্মী কাউসার সিকদারের নেতৃত্বে একদল লোক তাঁদের ওপর হামলা চালান। হামলাকারীরা তাঁদের লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পাশের একটি চা-দোকানে আশ্রয় নেন। অন্যরা এদিক-সেদিক পালিয়ে যান। পরে হামলাকারীরা ওই চা-দোকানে গিয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার ওপর আবারও হামলা চালান। স্থানীয় লোকজন বেলা ১১টার দিকে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদুর রহমানকে প্রথমে মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. ইয়াকুব আলী জানান, লাঠির আঘাতে মাহমুদুর রহমানের মাথা ফেটে গেছে। তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিনের নেতৃত্বে স্থানীয় লোকজন ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ অন্যদের উদ্ধার করে স্পিডবোটে করে কক্সবাজার শহরে পাঠিয়ে দেন।
স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী স্পিডবোট দুটি ভাঙচুর করে সাগরে ডুবিয়ে দেন।
প্রকল্প এলাকায় যাওয়ার সময় ওই কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশ ছিল না। পুলিশ ছাড়া সেখানে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এর আগেও আমরা কয়েকবার ওই এলাকায় গিয়েছি। সে সময় কেউ আমাদের বাধা দেয়নি।’
আওয়ামী লীগের কর্মী মো. কাউসার সিকদার বলেন, এই জমিতে বিদ্যুৎ প্রকল্প না করার জন্য এলাকাবাসী আন্দোলন করে আসছে। কিন্তু তার পরও জোর করে ১ হাজার ২০০ একর জমি অধিগ্রহণ করায় এলাকার মানুষ ক্ষুব্ধ। তাই এলাকার লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছে। তাঁর দাবি, তিনি সরকারি কর্মকর্তাদের রক্ষা করতে গিয়েছিলেন। এ সময় তিনি নিজেও আহত হয়েছেন।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমিউদ্দিন বলেন, দলের কয়েকজন কর্মী হামলার সঙ্গে জড়িত থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি দলের নেতাদের জানানো হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, হামলার ঘটনায় মেহেদী হাসান নামের এক যুবককে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নোমান হোসেন জানান, অধিগ্রহণ করা জমি জরিপ করতে গিয়ে তাঁরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।