হামলায় শাল্লা আ.লীগের নেতাসহ আহত ৪
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতিসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
আহত আওয়ামী লীগের নেতার নাম নরেশ চন্দ্র চৌধুরী (৭৮)। তিনি বাহারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। উপজেলার ডুমরা গ্রামে তাঁর বাড়ি। তাঁর ওপর হামলা করার প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা আওয়ামী লীগ।
গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা শহরের থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে। নরেশের ছেলে বিশ্বজিৎ চৌধুরী বলেন, গতকাল দুপুরে দিরাই উপজেলা থেকে একটি মোটরসাইকেলে তাঁর বাবা বাড়িতে আসছিলেন। শাল্লা শহরের থানার সামনে আসার পর কয়েকজন লোক মোটরসাইকেল থামিয়ে তাঁর বাবাকে ছুরিকাঘাত করতে থােক।
এ সময় বিশ্বজিৎ চৌধুরীর বাবাকে উদ্ধার করতে গিয়ে তাঁর চাচি সুরধনী চৌধুরী (৬০), বাজারের ব্যবসায়ী কানু সরকার (২৮) ও মোটরসাইকেলের চালক মহিতোষ সূত্রধর (৩০) আহত হন। নরেশ, সুরধনী ও কানু সরকারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মহিতোষ সূত্রধরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিশ্বজিৎ চৌধুরীর অভিযোগ, ডুমরা গ্রামের তরুণ কান্তি দাসের সঙ্গে জমিজমা নিয়ে তাঁদের বিরোধ রয়েছে। এর জের ধরে এই হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য তরুণ কান্তি দাসের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ডুমরা গ্রামের পাঁচ ব্যক্তিকে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।