হামলায় শিক্ষক আহত, জড়িতদের গ্রেপ্তার দাবি
নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগের এক নেতা ও তাঁর সহযোগীদের হামলায় এক মাদ্রাসাশিক্ষক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার উপজেলার মডেলবাজারের কাছে এই ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে এলাকায় মানববন্ধন হয়েছে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
আহত ব্যক্তির নাম আবদুল হান্নান (৫২)। তিনি উপজেলার ভরাপাড়া ফাজিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ও উপজেলার স্বল্পমাইজহাটি গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল পাঁচটার দিকে মো. আবদুল হান্নান বাড়ি থেকে স্থানীয় মডেলবাজারে আসছিলেন। পথে স্বল্পমাইজহাটি গ্রামের বাসিন্দা ও সান্দিকোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ভূঁইয়া ও তাঁর সহযোগীরা হান্নানকে টর্চলাইট দিয়ে আঘাত করে ও তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে এ বিষয়ে আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন বলেন, ‘মামলা-সংক্রান্ত ঘটনায় আমি লোকজনকে হয়রানি করছি এবং এ নিয়ে তিনি (শিক্ষক হান্নান) মানুষের কাছে বিভিন্ন কথাও বলছেন। আর তা জিজ্ঞেস করতে গেলেই হাতাহাতির ঘটনা ঘটে।’