হামলায় স্ত্রী, সমর্থকসহ বিএনপি প্রার্থী আহত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও বাজারে বিএনপি প্রার্থী রেজাউল করিম, তাঁর স্ত্রী ও সমর্থকদের পিটিয়ে আহত করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বিএনপির প্রার্থী রেজাউল করিম, তাঁর স্ত্রী মনোয়ারা বেগম, সমর্থক ফজলুল হক, সাইফুল ইসলাম ও মঞ্জু আরা বেগম। রাতেই তাঁদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রেজাউলের অভিযোগ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী ও সমর্থকেরা এই হামলা চালান।
চিকিৎসাধীন বিএনপি প্রার্থী রেজাউল করিমের ভাষ্য, গতকাল রাতে নির্বাচনী প্রচার শেষে তিনি সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছেই জাসদের প্রার্থী ফখরুদ্দিন নয়ন ও তাঁর সমর্থকেরা তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁর (রেজাউল) স্ত্রী। এ সময় তাঁর ওপরও হামলা চলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা সারোয়ার জাহান বলেন, রাতেই চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেজাউলের মাথায় সেলাই দেওয়া হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান বলেন, জাসদের প্রার্থী ও সমর্থকের হামলায় বিএনপির প্রার্থী এবং সমর্থকেরা আহত হয়েছেন বলে তাঁরা অভিযোগ পেয়েছেন। লিখিত আকারে অভিযোগ এলে পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবে।