নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দলীয় ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় নারীসহ কমপক্ষে ২৮ জন আহত হন।
হামলা-সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়, ১৫-২০টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।
হামলা-সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন চরকিং ইউনিয়নের আবদুল মতিন (৩০), আজগর হোসেন (৪৬) ও আবদুর রহিম (৪৫); চরঈশ্বর ইউনিয়নের শংকর সাহা (৪৫) ও উত্তম চন্দ্র দাস (৫০); নিঝুম দ্বীপের নূর উদ্দিন (৫০), সালেহ উদ্দিন (৪৬), মুজাহের উদ্দিন (৬০), মতিয়া বেগম (৪০), সুরাইয়া বেগম (৫০) ও সামছুন্নাহার (৪০)।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সন্ধ্যায় চরকিং ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিন দনু মিয়ার বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভার আয়োজন করেন। এ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় বাজারের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এর আগে বিকেল চারটার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজারে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে সভার আয়োজন করা হয়। একই সময় ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল হালিমের সমর্থকেরা বাজারে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। এ সময় ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে নিঝুম দ্বীপে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী কাজী সাইফুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে বন্দরটিলা এলাকায় আওয়ামী লীগের প্রার্থী মেহরাজ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। সূত্র আরও জানায়, পাল্টাপাল্টি হামলা চলাকালে নিঝুম দ্বীপে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকেরা মেহরাজ উদ্দিনের বাড়ি ঘেরাও করেন। স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে হাতিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল হালিম, মহিউদ্দিন ও কাজী সাইফুল্লাহ দাবি করেন, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন বিনা উসকানিতে তাঁদের লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।
আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন, আলাউদ্দিন ও মেহরাজ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থীরা বিভিন্ন জলদস্যু ও বনদস্যু বাহিনীর লোকজন ভাড়া করে এনে একের পর এক হামলা-সংঘর্ষের ঘটনা ঘটিয়ে হাতিয়ার শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে অশান্ত করে তুলছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক গতকাল রাত আটটায় প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়ায় গন্ডগোল হচ্ছে। আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।’
২২ মার্চ হাতিয়ার সাতটি ইউনিয়নে নির্বাচন হবে। সাতটি ইউনিয়নের ছয়টিতেই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আছেন। ‘বিদ্রোহী’ প্রার্থীদের সবাই এবং বুড়িরচর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলীর অনুসারী। আর নৌকা প্রতীকের বাকি ছয়জন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্লাহর অনুসারী।