হামলা-সংঘর্ষে আহত ৩০, ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া কয়েকটি ইউপিতে প্রার্থীদের ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২৮ মে পঞ্চম ধাপে ও ৪ জুন ষষ্ঠ ধাপে এসব ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার পর্যন্ত সারা দেশে নির্বাচনী সহিংসতায় অন্তত ৭১ জন নিহত হয়। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার গাড়াদহ ও রূপবাটি ইউনিয়নে সংঘর্ষে নারী, শিশুসহ ১৭ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে গাড়াদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আবদুল মতিনের সমর্থকদের সঙ্গে অপর সদস্য পদপ্রার্থী তছলিম উদ্দিনের সমর্থকদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের লোকজন ২৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। সংঘর্ষে আহত হয় ১৫ জন। অপর দিকে বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী এলাকায় সংঘর্ষে দুজন আহত হন।
ঈশ্বরদী (পাবনা): উপজেলার ছলিমপুর ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার আহমেদ ও তাঁর সমর্থকদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগের লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় শাহরিয়ার আহমেদসহ তাঁর ১০ সমর্থক আহত হন। শাহরিয়ার আহমেদ ও তাঁর সমর্থকেরা বলেন, বুধবার রাতে নির্বাচনী প্রচারণা শেষ করে দলীয় সমর্থকদের নিয়ে শাহরিয়ার কয়েকটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
সরিষাবাড়ী (জামালপুর): ডোয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জান্নাতুল রেজুয়ানের সমর্থক দেলুয়ার হোসেন ও সফিকুল ইসলাম মাজালিয়া বাজারে ভোট চাইতে যান। এ সময় অপর প্রার্থী এনামুল হকের লোকজন তাঁদের কুপিয়ে গুরুতর আহত করেন।
সাতকানিয়া (চট্টগ্রাম): উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. শাহ আলমকে (৩৫) প্রতিপক্ষের লোকজন বুধবার রাতে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রতিদ্বন্দ্বী সদস্য পদপ্রার্থীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নে গত বুধবার রাতে দুর্বৃত্তরা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে।
দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. লতিফ সরকারের নির্বাচনী কার্যালয়টিতে গত বুধবার রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে চালিভাঙ্গা গ্রামের অর্ধশতাধিক লোক বিক্ষোভ মিছিল করেন।
পিরোজপুর: সদর উপজেলার সিকদার মল্লিক ইউপির আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা গতকাল স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এম এম কামরুজ্জামান সিকদারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।