হামলা-সংঘর্ষে নিহত ১, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিরোধপূর্ণ জমি দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে রাঙ্গিছড়া চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে হামলায় মো. সিরাজ উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এদিকে গতকাল শনিবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় একটি বিলে সেচের পানির জন্য বাঁধ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুড়ী (মৌলভীবাজার) :রাঙ্গিছড়া চা-বাগান কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাঙ্গিছড়া চা-বাগানটি ‘রোজ টি’ নামের একটি কোম্পািনর মালিকানাধীন। বাগানটির পাশে ৫৯৭ একর খাসজমি রয়েছে। ওই জমি নিয়ে বাগান কর্তৃপক্ষ ও আবদুল আউয়াল নামের এক ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে আউয়ালের পক্ষের ৭০-৮০ জন লোক বন্দুক ও লাঠিসোঁটা নিয়ে জমিটি দখলের চেষ্টা চালায়।
এ সময় তাদের বাধা দেন চা-বাগানের শ্রমিকেরা। এ সময় আউয়ালের লোকজনের ছোড়া গুলিতে ও হামলায় ওই চা-বাগানের ১০ জন শ্রমিক আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ সজীব, মাহফুজ, শাহ আলম, মাখন ও দিলু মিয়াকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সজীব, মাহফুজ ও শাহ আলমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্য শ্রমিকেরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলার সময় শ্রমিকদের টিন ও বাঁশের তৈরি চারটি বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। গতকাল শনিবার যোগাযোগ করা হলে রাঙ্গিছড়া চা-বাগানের উপব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ওই জমিটি বন্দোবস্ত পেতে তাঁদের কোম্পানির পক্ষ থেকে কয়েক বছর আগে ভূমি মন্ত্রণালয় ও চা বোর্ডে আবেদন করা হয়েছে। ওয়াহিদুজ্জামান অভিযোগ করেন, আউয়ালের ভাড়া করা লোকজন জমিটি দখল করতে চা-শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।
আবদুল আউয়াল ঢাকায় বসবাস করেন। রাঙ্গিছড়ায় তাঁর কয়েকজন আত্মীয়স্বজন রয়েছেন। অভিযোগের ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ৩০-৩৫ বছর আগে তিনিসহ আরও ৪৩ জন ব্যক্তি রাঙ্গিছড়া চা-বাগান মৌজায় ৪০০ একর জমি আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে কেনেন। ওই জমি বাগান কর্তৃপক্ষ দখলের চেষ্টা চালাচ্ছে। হামলার ঘটনাটি সাজানো বলে দাবি করেন তিনি।
সুনামগঞ্জ :জামালগঞ্জ থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভীমখালি ইউনিয়নের মামদপুর গ্রামের পাশের দুলতা বিলে সেচের পানির জন্য বাঁধ দেওয়া নিয়ে ওই গ্রামের ফখর উদ্দিন ও মো. আবদুল্লাহর মধ্যে বিরোধ চলছিল। গতকাল সকালে ফখর উদ্দিনের লোকজন বিলে বাঁধ দিতে গেলে আবদুল্লাহর লোকজন তাঁদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। তাঁদের আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রায়পুর (লক্ষ্মীপুর): স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত সিরাজ উদ্দিন রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।
শুক্রবার সিরাজ উদ্দিন ও হারুন স্থানীয় মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একজনের পা অন্যজনের পায়ের ওপর চাপা পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হারুন উত্তেজিত হয়ে সিরাজকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাতে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে সিরাজ মারা যান।