হার মানলেন অ্যানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ দিন আগুনে পোড়া শরীর নিয়ে বাঁচার জন্য যুদ্ধ করে হেরে গেলেন অ্যানি বিশ্বাস (২৪)। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অ্যানি মারা যান।

পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য অ্যানির শাশুড়ি ও বড় ননদ তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। এ ঘটনায় অ্যানির বাবার করা মামলায় কারাগারে আছেন তাঁর শাশুড়ি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ বলেন, আগুনে অ্যানির শরীরের ৩৫ শতাংশ গভীরভাবে পুড়ে গিয়েছিল।

অ্যানির মৃত্যুর পর তাঁর ভগ্নিপতি জুয়েল দত্ত প্রথম আলোকে বলেন, ‘যত দ্রুত সম্ভব এ ঘটনার বিচার চাই আমরা। মৃত্যুর আগে অ্যানি তাঁর ওপর নির্যাতনের জবানবন্দি দিয়ে গেছেন পুলিশের কাছে।’

এ বিষয়ে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকতার মিয়া জানান, অ্যানির বড় ননদকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অ্যানির লাশের ময়নাতদন্ত করা হবে।

অ্যানি বিশ্বাস চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের শিবু বিশ্বাসের মেয়ে। গত মে মাসে হাটহাজারী উপজেলার পশ্চিম শিকারপুরের প্রবাসী লিটন মহাজনের সঙ্গে অ্যানির বিয়ে হয়। অ্যানির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য অ্যানির ওপর নির্যাতন শুরু করেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। বিয়ের ১২ দিন পর স্বামী বিদেশে ফিরে গেলেও শাশুড়ি ও বড় ননদ প্রায়ই টাকার জন্য অত্যাচার করতেন। গত ২১ অক্টোবর অ্যানির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন শাশুড়ি ও বড় ননদ। এ ঘটনায় অ্যানির স্বামী, শাশুড়ি ও বড় ননদকে আসামি করে মামলা করেছেন তাঁর বাবা শিবু বিশ্বাস।