হারার কারণ নিয়ে হামলা, নিহত এক প্রার্থী
একই বাড়ি থেকে চাচাতো ভাই-বোন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু হেরে যান দুজনেই। এ নিয়ে পরের দিন কথা-কাটাকাটি। একপর্যায়ে হামলা। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ভাই মো. হুরমুজ আলী।
নিহত হুরমুজ লঙ্গরপাড়া গ্রামের নওশের আলীর ছেলে এবং খড়িয়াকাজিরচর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
এলাকাবাসী ও ইউপি সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ খড়িয়াকাজিরচর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। হুরমুজ আলী ৪ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে পুনরায় নির্বাচন করেন এবং পরাজিত হন। হুরমুজের চাচাতো বোন হাজেরা বেগম (৫০) ওই ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। আর এর কারণ হিসেবে তাঁরা মনে করে একই বাড়ি থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁরা ভোট কম পেয়েছেন। এ নিয়ে হুরমুজ ও হাজেরার মধ্যে ১ এপ্রিল সকালে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাজেরার স্বামী ফকির আলী ও তাঁর সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হুরমুজের ওপর হামলা করেন। এতে হুরমুজ গুরুতর আহত হন। তাঁকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর হুরমুজের চাচাতো বোন হাজেরা, তাঁর স্বামী ফকির আলী ও অন্যরা পলাতক রয়েছেন।
খড়িয়াকাজিরচর ইউপির বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান আজ শনিবার বিকেল তিনটায় প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে নিহত হুরমুজের লাশ আজ রাতে লঙ্গরপাড়া গ্রামের বাড়িতে আনার কথা রয়েছে।
জানতে চাইলে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস আলম প্রথম আলোকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।