হারুন-হিরনের 'অত্যাচারে' অতিষ্ঠ রহিমদীবাসী
হারুন মোল্লা ও হিরন মোল্লা নামের দুই ভাইয়ের ‘অত্যাচারে’ নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের রহিমদী গ্রামের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাঁরা নরসিংদী-১ (সদর) আসনের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলামের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গ্রামের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ গত সোমবার রাতে রহিমদী গ্রামের ইকবাল হোসেন নামের এক কৃষকের বেগুনখেতের সব গাছ কেটে ফেলে ‘হিরন বাহিনী’র লোকজন। ইকবালের মামার মালিকানাধীন একটি ডাইং কারখানাও বন্ধ করে দেয় তারা। এ ঘটনার প্রতিবাদ জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনেই ইকবালের আত্মীয়স্বজনকে হুমকি দেন হিরন মোল্লার বড় ভাই হারুন মোল্লা।
এর আগে ৩০ জুলাই হারুনের এক কথিত দেহরক্ষীর সঙ্গে ইকবালের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে হারুন মোল্লা ক্ষমতার প্রভাব খাটিয়ে মাধবদী পুলিশ তদন্তকেন্দ্রে ইকবালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দাখিল করেন। এর পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন ইকবাল হোসেন। আর ‘ভাই ভাই বাহিনী’র সদস্যরাও ইকবালকে খুঁজে বেড়াচ্ছে। তাঁকে না পেয়ে গত শনিবার রাতে ইকবালের লাউখেতের মাচা ভেঙে দেয় তারা।
ইকবাল হোসেন বলেন, ভাই ভাই বাহিনী শক্তের ভক্ত, নরমের জম। সামান্য ঘটনার জের ধরেই তারা মানুষকে নির্যাতন করে। গ্রামের মানুষকে তারা অত্যাচার করে, আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। মন্ত্রীর নাম ভাঙিয়ে তারা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
রহিমদী গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গত শনিবার ভাই ভাই বাহিনী রহিমদী গ্রামের পশ্চিম পাড়ার গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনার প্রতিবাদ করায় তাদের হাতে লাঞ্ছিত হন ওই গ্রামের রিপন মিয়া নামের এক যুবক। রিপন মিয়া বলেন, ‘দুই ভাই হারুন ও হিরনের অত্যাচারে আমরা গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ। তারা গ্রামের গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করে দিলে আমি প্রতিবাদ করি। প্রতিবাদ করায় আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আবার পুলিশের ভয়ও দেখায়।’
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে দাপট দেখিয়ে আসছেন হারুন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। কিন্তু সাংসদের নাম ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠানের নামে প্রায়ই নিরীহ গ্রামবাসীর কাছ থেকে চাঁদা আদায় করেন। হিরন বিদেশে লোক পাঠানোর নামে টাকা নিয়ে গ্রামের বেশ কয়েকটি পরিবারকে সর্বস্বান্ত করেছেন।
কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবায়েদ উল্ল্যাহ বলেন, সাংসদ-প্রতিমন্ত্রী নজরুল ইসলাম এলাকায় সৎ ও আদর্শবান হিসেবে পরিচিত। কিন্তু হারুনের কারণে স্থানীয়ভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে শিগগিরই তাঁরা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান।
হারুন মোল্লা নিজেকে ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক দাবি করে বলেন, ‘আমি চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করায় একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ও আমার ভাই সন্ত্রাসী কার্যকলাপ করি—এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।’ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমার পকেট থেকে পাঁচ লাখ টাকা খরচ করে এলাকায় গ্যাসের সংযোগ নিয়েছিলাম। এখন তারা টাকা দিচ্ছে না বলে সংযোগ কেটে দিয়েছি।’
এ ব্যাপারে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জি এম তালেবকে দায়িত্ব দেওয়া হয়েছে।