উত্তরায় তিনজনকে চাপা দিয়ে হত্যা
হালকা যানের মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে কাভার্ড ভ্যান চালাচ্ছিলেন গ্রেপ্তার বশির
রাজধানীর উত্তরায় কাভার্ড ভ্যানের চাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। গতকাল শুক্রবার ভোলার লালমোহন থেকে বশির নামের ওই চালককে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১–এর সহকারী পরিচালক নোমান আহমদ বলেন, চালক বশিরের কাছ থেকে হালকা যানের একটি মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে গত বছর। চার বছর ধরে বশির ওই লাইসেন্সে কাভার্ড ভ্যান চালাচ্ছিলেন।
গত বৃহস্পতিবার ভোরে উত্তরার আজমপুরে কাভার্ড ভ্যানের চাপায় একটি মোটরসাইকেলের তিন আরোহী মারা যান। তাঁরা হলেন মো. অনিক, তাঁর ফুফু হনুফা খাতুন ও তাঁদের পরিচিত এনামুল হক। অনিকের অসুস্থ বাবাকে দেখতে তাঁরা হাজারীবাগের রায়েরবাজার থেকে গাজীপুর যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন এনামুল।
র্যাব বলছে, কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন। পরে কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়ে এনামুল ও হনুফা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অনিককে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।