হালুয়াঘাটে পরিবহন নেতার প্রতিষ্ঠানে ফের হামলা
ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় কয়লা আমদানিকারকদের সঙ্গে পরিবহন মালিক সমিতির বিরোধের জের ধরে গত বুধবার রাতে এক পরিবহন নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে আবারও ভাঙচুর চালানো হয়েছে। এর আগে গত রোববার একই ব্যক্তির একটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
ভারতের মেঘালয় সীমান্তবর্তী হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে জেলা মোটর মালিক সমিতির হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি জাফর আলী খানের বিরোধের কারণে ২৪ এপ্রিল থেকে পরিবহন ধর্মঘট চলছে। এর জের ধরে জাফর আলী খানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এদিকে কয়লা আমদানি ও ব্যবসার এই বিরোধের জের ধরে ২৪ এপ্রিল থেকে পরিবহন ধর্মঘট চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে ২৫ থেকে ৩০ জনের একদল লোক উপজেলা পরিষদ সড়কে অবস্থিত জাফরের একটি আসবাবপত্রের দোকান ও দুটি কাপড়ের দোকানে প্রায় দুই ঘণ্টা ধরে ভাঙচুর চালায়। এ সময় তারা দোকানের মালামাল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে গত রোববার সন্ধ্যায় ২০-২৫ জন লোক একই সড়কে থাকা তাঁর আরও একটি আসবাবপত্রের দোকানে হামলা চালায়। এ ঘটনায় জাফর আলী গত মঙ্গলবার আদালতে একটি মামলা করেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক আমদানিকারক বলেন, হালুয়াঘাটের দুটি বন্দরের ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জাফর আলী খানকে ব্যবহার করছেন।
তবে জাফর আলী খান বলেন, গোবরাকুড়া আমদানিকারক সমিতির মহাসচিব আলী আজগর পরিবহন মালিক এবং শ্রমিকদের জিম্মি করে রাখেন। এর প্রতিবাদে জেলা মোটর মালিক ও শ্রমিক সমিতির ইচ্ছায় পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়। তাদের কেউ ইন্ধন দেয় না। তিনি অভিযোগ করেন, আলী আজগরের নির্দেশেই সন্ত্রাসীরা ভাঙচুর করেছে।
আলী আজগর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কারা ভাঙচুর করেছে সে বিষয়ে আমি কিছুই জানি না। বেশ কিছুদিন আগে জাফর মাটি ও বালুমিশ্রিত কয়লা বাইরের জেলায় বিক্রি করে ধরা পড়লে আমি বন্দরের সুনাম বজায় রাখতে তাঁর ট্রাক আটক করতে বলেছিলাম। এটা আমার ব্যক্তিস্বার্থে নয়। এর জের ধরেই জাফর পরিবহন ধর্মঘট ডেকে দুটি বন্দরের ১ হাজার আমদানিকারক ও প্রায় ১০ হাজার শ্রমিকের ক্ষতি করছে।’