হালুয়াঘাট ও নালিতাবাড়িতে ৭১৫৫ কেজি চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গত মঙ্গলবার রাতে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৪ হাজার ৩৫০ কেজি চাল উদ্ধার করেছেন স্থানীয় ব্যক্তিরা।
একই রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার ৮০৫ কেজি চালসহ ট্রলি ও চালককে আটক করেছেন এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হালুয়াঘাট উপজেলা সদরের উত্তর বাজার এলাকা দিয়ে একটি লরিতে ৮৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল নিয়ে যাচ্ছিলেন এক চালক। স্থানীয় ব্যক্তিদের সন্দেহ হলে লরি থামিয়ে চালককে চালের ব্যাপারে জেরা করেন। এ সময় চালক পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, চালগুলো হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া। পুলিশ লরিসহ চাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হালুয়াঘাটের ইউএনও হেলালুজ্জামান সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মতিউল নামের এক ব্যক্তি চালগুলো নেওয়ার জন্য লরি ভাড়া করেছিলেন। তবে মতিউলের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নে হতদরিদ্র ব্যক্তিদের কাছে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ করা ২ হাজার ৮০৫ কেজি চাল উত্তরনাকশি গ্রামের লিটন চন্দ্র দাস, মো. শহিদুল্লাহ, পিপুলেশ্বর গ্রামের আবদুল বারেক কেনেন। পরে তাঁরা উত্তর নাকশি গ্রামের মতিউর রহমানের বাড়িতে এসব চাল মজুত করেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে ওই চাল একটি ট্রলিতে করে শেরপুর জেলা শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ নালিতাবাড়ী-শেরপুর সড়কে গাগলাজানি এলাকায় চালসহ ট্রলি ও চালক ওয়াহাব আলীকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওয়াহাব মতিউর রহমানের বাড়ি থেকে চাল বিক্রির উদ্দেশ্যে শেরপুর সদরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান। পরে রাতে চালসহ ট্রলিচালককে থানায় নিয়ে আসা হয়।