হালুয়াঘাটে তিন ভাইবোন অ্যাসিড হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাটে তিন ভাইবোন অ্যাসিড হামলার শিকার হয়েছেন। তাঁদের দুজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসক জানিয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কালাপাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

অ্যাসিড হামলার শিকার তিন ভাইবোন হলেন মরিয়ম আক্তার (২৩), তাঁর ভাই রাসেল কবীর (২০) ও ছোট বোন মহিরন আক্তার (১৩)। মরিয়মের সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে তিন ভাইবোন দগ্ধ হয়েছেন বলে পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় মরিয়মের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ তিনজনকেগ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাতেই তিন ভাইবোনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, মরিয়ম বেগমের শরীরের ১৫ শতাংশ, রাসেলের ১৯ ও মহিরনের শরীরের ১ শতাংশ পুড়ে গেছে।

রাসায়নিক পদার্থ দ্বারা দগ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেহাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক লিমন কুমার ধর বলেন, মরিয়ম ও রাসেলের পোড়া বেশ গভীর। তাঁদের অবস্থা সংকটাপন্ন। সেরে উঠতে সময় লাগবে।

মরিয়ম সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। রাসেল ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজে ইংরেজি বিষয়েœস্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়ছেন। আর মহিরন সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

তিন ভাইবোনের মা ফরিদা ইয়াসমিন অভিযোগ করে বলেন, তিন বছর আগে মরিয়মের সঙ্গে হালুয়াঘাট সদরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা সোহেলের বিয়ে হয়। বিয়ের পর মরিয়মকে নানাভাবে নির্যাতন করতেন সোহেল। বছরখানেক আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সোহেল নানাভাবে মরিয়ম ও তাঁর পরিবারকে উত্ত্যক্ত করতেন। পরে মরিয়ম সাভারে একটি তৈরি পোশাক কারখানায় কাজ নেন। ঈদের ছুটিতে গত শুক্রবার তিনি বাড়িতে আসেন। মঙ্গলবার রাতে রাতের খাবার খেয়ে তিন ভাইবোন বসে গল্প করছিলেন। তখন আল আমিন নামে মরিয়মের দূরসর্ম্পকের এক ভাই জানালা দিয়ে মরিয়মকে ডাকেন। প্রথমে মরিয়ম জানালা খুলতে চাননি। জরুরি প্রয়োজন আছে বলায় মরিয়ম জানালা খুলে দেন। জানালা খোলার সঙ্গে সঙ্গে মরিয়মকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়। এতে তিন ভাইবোন দগ্ধ হন।

গতকাল বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, মরিয়ম ও রাসেল কথা বলতে পারছেন না। মরিয়মের পুরো মুখ ও বাঁ হাত পুড়ে গেছে। রাসেলের পেট, বুক ও মুখ পুড়ে গেছে।

মরিয়মের ফুফাতো ভাই জিয়াউল হক বলেন, সোহেলের ঘনিষ্ঠ ছিল আল আমিন। আল আমিনকে অ্যাসিড নিক্ষেপ করার কাজে সোহেলই রাজি করিয়েছে বলে ধারণা করছেন তাঁরা।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, অ্যাসিড হামলার শিকার তিন ভাইবোনের বাবা আবুল কালাম বাদী হয়ে সোহেল, আল আমিন ও অ্যাসিড-বিক্রেতা উজ্জ্বলসহ চারজনের নামে মামলা করেছেন। সোহেল, আল আমিন ও উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার স্বার্থে অপর আসামির নাম প্রকাশ করা যাচ্ছে না।

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলমগীর বলেন, একতরফা তালাক দেওয়ায় মরিয়মের ওপর ক্ষিপ্ত ছিলেন সোহেল। সেই জেদের বশবর্তী হয়েই সোহেল আল আমিনকে দিয়ে অ্যাসিড নিক্ষেপ করান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল ময়মনসিংহ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক সোহেলের তিন দিন, উজ্জ্বলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আল আমিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।