হাসনাত করিম ও তাহমিদ আট দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান হামলা
গুলশান হামলা

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ৩২ দিন পর হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁরা দুজনই গুলশানে জঙ্গি হামলার ঘটনার সময় হলি আর্টিজান বেকারিতে উপস্থিত ছিলেন। হাসনাত রেজা করিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং তাহমিদ হাসিব খান কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, হাসনাত রেজা করিমকে গুলশান-তেজগাঁও লিংক রোড থেকে গত বুধবার সন্ধ্যা সাতটায় পুলিশ গ্রেপ্তার করে। বসুন্ধরা জি ব্লক থেকে রাত পৌনে নয়টার দিকে গ্রেপ্তার করা হয় তাহমিদ হাসিব খানকে। হলি আর্টিজানে হামলার ঘটনায় এ দুজনের সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে নিশ্চিত না হওয়ায় তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় প্রয়োজনে অন্যদেরও ডাকা হতে পারে। তিনি বলছেন, গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় অনেককে জিজ্ঞাসাবাদ করা হলেও হাসনাত রেজা করিম, তাহমিদ হাসিব খানসহ মোট ছয়জনের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা হলো।
গ্রেপ্তার দুজনকে গতকাল আদালতে তোলা হয়। পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্দেশীয় অপরাধ দমন বিভাগের পরিদর্শক হুমায়ূন কবীর তাঁদের দুজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে পুলিশ পরিদর্শক বলেন, ঘটনার দিন আসামিরা উপস্থিত থেকে জঙ্গিদের সহযোগিতা করেছেন বলে তদন্ত সূত্রে জানা গেছে। এ ছাড়া আসামিদের মুঠোফোন থেকে জঙ্গিরা যোগাযোগ করেছিল। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
আসামি পক্ষের আইনজীবীরা অবশ্য শুনানিতে রিমান্ড আবেদন বাতিল করে আদালতকে জামিন দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন দুজনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য আসায় সন্তোষ প্রকাশ করেছে হাসনাত করিম ও তাহমিদের পরিবার। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে রাতভর জিম্মিসংকটের পর ১৩ জনকে উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়, ৮ জুলাইয়ের পর হাসনাত ও তাহমিদ তাদের হেফাজতে ছিলেন না। ডিবি কার্যালয়ে সাক্ষাৎকারের পর ১১ জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেও দুজনের ব্যাপারে পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছিল না। তাঁদের অবস্থান নিয়ে চলা ধোঁয়াশার মধ্যেই পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার বলেন, হাসনাত করিম ও তাহমিদ হাসিব খান তাঁদের ‘নলেজে’ আছেন।
হাসনাত করিমের বাবা রেজাউল করিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটি সন্তোষজনক। একটি প্রক্রিয়ার মধ্যে এল বিষয়টি। এখন হয়তো তারা তাকে রিমান্ডে নেবে। তারপর কারাগারে পাঠাবে। এরপর আমরা জামিনের জন্য আবেদন করব।’ হাসনাত করিমকে নির্দোষ দাবি করার পরও গ্রেপ্তারের বিষয়টি সন্তোষজনক কেন জানতে চাইলে রেজাউল করিম বলেন, ‘আমি আইনকে সমর্থন করি। তারা মনে করেছে, তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন তাই গ্রেপ্তার দেখিয়েছে। আমি তো জানি তার কাছ থেকে কোনো কিছুই তারা পাবে না। এ বিষয়ে এর বেশি আমি আর কোনো মন্তব্য করব না।’ হাসনাতকে গুলশান থেকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে অথবা কোনো আত্মীয়ের কাছে ছিল হয়তো। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
গুলশানের হলি আর্টিজানে হামলার পর একজন কোরীয় নাগরিকের গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাসনাত করিমের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। ওই ভিডিওতে তাঁকে জঙ্গিদের সঙ্গে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যায়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় তিনি হিযবুত তাহ্রিরের সঙ্গে যুক্ত ছিলেন বলেও অভিযোগ ওঠে।
ব্রিটিশ পাসপোর্টধারী হাসনাত করিমের পরিবারের পক্ষে যুক্তরাজ্যে তাঁর আইনজীবী রডনি ডিক্সন ২৯ জুলাই জাতিসংঘের ‘ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রেরি ডিটেনশন’ এ চিঠি দেন। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ব্রিটিশ হাইকমিশন তাঁর ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করছে। ১২ জুলাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে হাসনাত করিম কোথায়-কীভাবে আছেন বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষকে তা নিশ্চিত হয়ে জানাতে হবে বলে উল্লেখ করে। বার্তা সংস্থা এপি জানায়, তাহমিদ হাসিব খানের পরিবার তাঁর বিষয়ে খোঁজ নিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দেয়।
গুলশানে হামলার ঘটনায় হলি আর্টিজানে কর্মরত শাহরিয়ার, তুহিন ও শিশির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে এ ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ আরও ছয়জন জবানবন্দি দেন।