হাসপাতাল অবরুদ্ধ করে বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার মাঠে টিনের বেষ্টনী দিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। এতে সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালের একাংশ অবরুদ্ধ হয়ে পড়েছে l প্রথম আলো
সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার মাঠে টিনের বেষ্টনী দিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। এতে সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালের একাংশ অবরুদ্ধ হয়ে পড়েছে l প্রথম আলো

প্রবেশমুখের একাংশে টিনের বেড়া। পেছনের ভবন ঘেঁষে নির্মাণ করা হয়েছে আরেকটি বেষ্টনী। প্রাঙ্গণ থেকে মাটি খুঁড়ে নিয়ে ফেলা হচ্ছে বেড়ার গোড়ায়। এই অবস্থা সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালের (কলেরা হাসপাতাল)। হাসপাতালের পাশে শাহি ঈদগাহের খেলার মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করায় হাসপাতালের একাংশ রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছে।
আয়োজনে নেমেই হাসপাতালকে অবরুদ্ধ করে ফেলার এই অবস্থা বাণিজ্য মেলা শুরু হলে কী হয়, এ নিয়ে উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। বাণিজ্য মেলার আয়োজক সংগঠনের নেতৃত্বে সরকারদলীয় নেতারাও থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে লিখিতভাবে পুলিশকে জানিয়েও প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতাল থেকে জানা গেছে, ১৯৬২ সালে ‘কলেরা হাসপাতাল’ নামে প্রতিষ্ঠিত হয় এটি। পরে ‘সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালে’ রূপান্তর করে সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের তদারকির মাধ্যমে পরিচালিত হচ্ছে। হাসপাতালে সংক্রামক রোগীর চিকিৎসায় বহির্বিভাগ ও ২০টি শয্যাও রয়েছে। শুরুতে হাসপাতালের জায়গা ছিল প্রায় চার একর।
বিভিন্ন সরকারি দপ্তরের ভূমি অধিগ্রহণ করায় হাসপাতালে এখন মোট জায়গার পরিমাণ এক একর সাত শতক। এর মধ্যে পূর্ব দিকে শাহি ঈদগাহ মাঠের মধ্যে পড়েছে প্রায় চার শতক জায়গা। মাঠে হাসপাতালের জায়গা ব্যবহার করতে গিয়ে হাসপাতালের প্রাঙ্গণ ও ভবন ব্যবহার শুরু হয়েছে বলে হাসপাতালে কর্মরত ব্যক্তিরা জানান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মোহাম্মদ আহাদ প্রথম আলোকে বলেন, বিষয়টি অনেকটা দখলের মতো। স্পর্শকাতর এলাকায় এ রকম হওয়ায় প্রতিকারের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকেও জানানো হয়েছে। দপ্তরের পরামর্শে গত সোমবার লিখিতভাবে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাকে জানানো হয়। কিন্তু কাজ অব্যাহতভাবে চলায় পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে বলে মনে হচ্ছে না।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন চেম্বার আয়োজিত বাণিজ্য মেলা আগামী ডিসেম্বর মাসের শুরুতে উদ্বোধন হওয়ার কথা। মেলার মূল ফটকে বাণিজ্য মেলার আয়োজনের একটি ব্যানার সাঁটানো রয়েছে। চেম্বার নেতারা এক সপ্তাহ আগে পুরো মাঠে টিনের বেড়া দিয়ে অস্থায়ী সীমানাপ্রাচীর নির্মাণে সীমানা চিহ্নিত করে দেন। মাঠের পশ্চিম দিকে পড়েছে হাসপাতাল। ওই সময় হাসপাতাল অংশে টিনের বেড়া দেওয়া হয়নি। গত রোববার থেকে হাসপাতালের অংশে বেড়া দেওয়া শুরু হয়।

সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতাল
সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতাল

গত দুই দিনে হাসপাতালে প্রবেশমুখের একাংশ ও পূর্ব দিকের পুরোটাই টিনের বেড়া দেওয়া হয়। পেছনে হাসপাতালের দুটো ভবন ঘেঁষে টিনের বেড়া দেওয়ায় দেখতে অনেকটা মেলায় ওই ভবনকে ব্যবহারের মতো দেখাচ্ছে। টিনের বেড়া দেওয়ার পর মেলার ভেতর বিভিন্ন স্থাপনা ও মঞ্চ তৈরির জন্য হাসপাতাল প্রাঙ্গণেও চলছে যত্রতত্র খোঁড়াখুঁড়ি। এই অবস্থা দেখে গত সোমবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, মেলার আয়োজন মেট্রোপলিটন চেম্বার করলেও সংগঠনের পরিচালক হওয়ার সুবাদে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাও রয়েছেন। গত ১৩ অক্টোবর মেলার জন্য মাঠের সীমানা চিহ্নিত করে দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতির কারণে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত পত্র পেয়েও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠছে।
বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ শাহ জামান দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত পত্র পেয়ে ওই দিনই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিকার তো পাচ্ছে না—এমন প্রশ্নে ওসি বলেন, ‘আমরা অবশ্যই এমনটি হতে দেব না। মেলার আয়োজকদের জানিয়ে দিয়েছি, পুলিশের তদারকির মধ্যে রেখে বিষয়টির সমাধান করব।’
তবে মেলার আয়োজক মেট্রোপলিটন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি হাছিন আহমদ গতকাল মঙ্গলবার বিকেলে জানান, পুলিশের পক্ষ থেকে তাঁদের এ বিষয়ে কিছু জানানো হয়নি। তিনি বলেন, ‘মেলার কাজ ইভেন্ট করছে। হাসপাতাল যদি অবরুদ্ধ হয়ে পড়ে, তাহলে অবশ্যই সে অবস্থা থেকে হাসপাতালকে মুক্ত রাখা হবে। এ বিষয়টি আমরা গুরুত্ব দিয়েই দেখব।’