হাসপাতাল ক্যানটিনের কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের ক্যানটিনের এক কর্মী আজ রোববার সকালে খুন হয়েছেন। তাঁর নাম মো. ফরহাদ (১৯)।

নিহত ফরহাদ কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি এলাকার নূর সালামের ছেলে। দুই বছর ধরে তিনি এই ক্যানটিনে হোটেল বয়ের কাজ করছিলেন। ক্যানটিনটির অবস্থান হাসপাতালের প্রধান ফটকের বিপরীতে। বাবুল সওদাগর নামের এক ব্যক্তি ক্যানটিনটি চালান।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, ‘মাসুদ নামে একই ক্যানটিনের সাবেক এক কর্মচারী ফরহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। মোবাইল ফোন-সংক্রান্ত বিরোধের জের ধরে ফরহাদকে তিনি খুন করেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।’

পুলিশ ও ওই ক্যানটিনের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস আগে ফরহাদের একটি মোবাইল ফোন চুরি হয়। তখন মাসুদও ওই ক্যানটিনে চাকরি করতেন। মাস খানেক আগে মাসুদ ওই ক্যানটিনের চাকরি ছেড়ে দেন। ওই সেট মাসুদ নিয়েছে বলে জানতে পেরে ফরহাদ তাঁর সঙ্গে ঝগড়া করেন। এ নিয়ে কয়েকবার দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। চাকরি ছেড়ে দিলেও মাসুদ মাঝেমধ্যে ওই দোকানে আসতেন।

ফরহাদের এক সহকর্মী বাবুলের ভাষ্য, মোবাইল সেট নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার সূত্রপাত। এর জের ধরে আজ সকাল ছয়টার দিকে মাসুদ দোকানে এসে ফরহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই এ ঘটনা ঘটে। পরে তাঁরা ফরহাদকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, ফরহাদের বুকে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।