হাসপাতাল চত্বরে চিকিৎসাধীন রোগীর মৃতদেহ উদ্ধার
নওগাঁ আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে আবদুস সালাম (৪৬) নামের এক চিকিৎসাধীন রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে হাসপাতাল ভবনের পেছন থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আবদুস সালামের বাড়ি শহরের আনন্দনগর সরদারপাড়া মহল্লায়।
আবদুস সালামের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আবদুস সালাম গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাত ১০টার দিকে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সার্জারি ওয়ার্ডের ১২ নম্বর শয্যায় ছিলেন। ভর্তির পর প্রাথমিক চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হলে তাঁর স্ত্রীকে হাসপাতালে রেখে পরিবারের বাকি সদস্যরা রাত ১২টার দিকে বাড়ি চলে যান। কিন্তু ভোরের দিকে শয্যায় সালামকে দেখতে না পেয়ে তঁার স্ত্রী খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ভোর পঁাচটার দিকে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) কক্ষের পেছনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির চাচাতো ভাই মকছেদ আলী জানান, রাত ১২টার দিকে তঁার ভাই কিছুটা সুস্থ হলে তিনি হাসপাতাল থেকে চলে যান। সকালে তাঁর ভাবি ফোন করে জানান, সালামকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না। তাঁর মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। আরএমও মাহফুজার রহমান জানান, প্রস্রাবের সমস্যা দেখা দিলে মঙ্গলবার রাতে সালাম নামের ওই রোগীকে ভর্তি করা হয়। ভোর রাত থেকে তাঁকে শয্যায় পাওয়া যাচ্ছিল না। এটা ঠিক কীভাবে হয়েছে—তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সালামের মৃত্যুর কারণ জানা যাবে।
গতকাল বিকেলে নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর কারণ এখনই বলা সম্ভব নয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার পর কারণ জানা যেতে পারে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।