হাসপাতাল চত্বরে ডাস্টবিনে এক নবজাতক

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল চত্বরে ময়লা-আবর্জনা ফেলার উন্মুক্ত স্থানে এক নবজাতককে পাওয়া গেছে। শিশুটির শরীরের বিভিন্ন অংশ ছিল রক্তমাখা। তার নাড়িও কাটা হয়নি।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাবুল মিয়া নামের এক অ্যাম্বুলেন্সচালক শিশুটিকে উদ্ধার করেন।
বর্তমানে শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তৃতীয় তলার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও উদ্ধার করা ব্যক্তি বাবুল মিয়া ও তাঁর বোন জেসমিন আক্তার নবজাতককে সার্বক্ষণিক দেখাশোনা করছেন।
হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, নবজাতকটির ভূমিষ্ঠ হওয়ার পর এখনো ২৪ ঘণ্টা হয়নি। গতকাল সন্ধ্যায় নবজাতকটির জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওজন আড়াই কেজির বেশি হবে। নবজাতকটি এখন সুস্থ আছে। তারপরও যেহেতু ডাস্টবিনে ছিল, তাই জীবাণু ছড়িয়েছে কি না, সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নবজাতক উদ্ধার করা অ্যাম্বুলেন্সের চালক বাবুল মিয়ার বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি গ্রামে। বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১২টা বা একটা হবে তখন। আমি হাসপাতাল থেকে বাড়ির দিকে রওনা হই। এ সময় কান্নার শব্দ শুনতে পান পাই। হাসপাতালের ভেতরে ডাস্টবিনের কাছে গিয়ে রক্তাক্ত অবস্থায় নবজাতকটি পড়ে থাকতে দেখি। নবজাতকটির নাড়িও কাটা ছিল না। পরে নবজাতকটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, সরকারি শিশু পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।