শুক্রবার বেলা দুইটা (জুন ২৪)। স্ত্রী ও নবজাতককে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হচ্ছেন গাজীপুরের আজিজুল হক। জরুরি বিভাগের ফটকে আসতেই দুজন আনসার সদস্য তাঁকে দাঁড় করান। হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র দেখতে চান। ছাড়পত্র দেখিয়ে একটি খাতায় সই করার পর আনসার সদস্যদের ৫০ টাকা দিয়ে ছাড়া পান আজিজুল হক।
ঢাকা মেডিকেলের বিভিন্ন ভবনের কমপক্ষে আটটি ফটক দিয়ে রোগী বের হয়। মূলত দুটি ফটক পর্যবেক্ষণ করে দেখা গেছে, দায়িত্বে থাকা আনসার সদস্যরা রোগী ও রোগীর আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা নেন। ছাড়পত্র দেখার নাম করে রোগী এবং রোগীর স্বজনদের দাঁড় করিয়ে রাখেন। কখনো বকশিশের কথা বলে, কখনো নিয়ম আছে বলে টাকা নেন। টাকা দেওয়ার পর আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘আনসাররা বকশিশ চাইল, তাই টাকা দিলাম।’
প্রথম আলোর দুজন প্রতিবেদক গত তিন মাসে যে কয়েক দিন হাসপাতালে গেছেন (কমপক্ষে ৩০ দিন), তার মধ্যে প্রায় প্রতিদিনই আনসার সদস্যদের টাকা নিতে দেখেছেন। ২০ টাকা থেকে শুরু করে ৪০, ৫০ এমনকি ১০০ টাকাও আদায় করেন আনসার সদস্যরা। জরুরি বিভাগের পাশের ফটকে ‘ইমার্জেন্সি পকেট গেইট রেজিস্টার নাম’ শিরোনামের একটি খাতা আছে। তাতে আনসার সদস্যরা রোগীর নাম ও মুঠোফোন নম্বর লেখেন, রোগী বা তাঁর স্বজন তাতে সই করেন। তবে কার কাছ থেকে কত টাকা নিচ্ছেন, তা লেখা থাকে না।
এভাবে টাকা নেওয়ার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক খাজা আবদুল গফুর। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে পড়েনি, কেউ এ পর্যন্ত অভিযোগও করেনি। হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার সময় ঘটনা ঘটে বলে কেউ ফিরে এসে অভিযোগ করে না হয়তো।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিকবার শিশু চুরির ঘটনার পর হাসপাতালে নজরদারি বাড়াতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আনসার নিয়োগ অন্যতম। অন্যদিকে হাসপাতালের বিভিন্ন দেয়ালে রসিদ ছাড়া টাকা লেনদেন না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বাচ্চা চুরি রোধে দায়িত্ব পালনের কথা বলে রসিদ ছাড়াই টাকা নিচ্ছেন আনসার সদস্যরা। তিন মাসের পর্যবেক্ষণে দেখা গেছে, রোগীর আর্থিক অবস্থা, পোশাক-আশাক—এসব দেখে টাকা নেওয়া হয়। রোগী যদি অসহায় গোছের হন, তাহলে তাঁদের ওপর চোটপাট করেন আনসার সদস্যরা, অনেকটা জোর করে টাকা আদায় করেন।
১৮ জুন টাকা নিচ্ছিলেন আনসার সদস্য মোহাম্মদ সোহেল। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এভাবে টাকা নেওয়ার নিয়ম নেই। তবে আমরা কাউকে জোর করি না। যে যার মনমতো খুশি হয়ে দেয়। আর খাতায় আমরা সই নেই বাচ্চা চুরি রোধে।’ তবে ১১ জুন ২৪ জনের কাছ থেকে টাকা নিতে দেখা যায়।
ঢাকা মেডিকেল ২ হাজার ৬০০ শয্যার হাসপাতাল। কিন্তু গড়ে প্রায় সাড়ে তিন হাজার রোগী ভর্তি থাকেন। খাজা আবদুল গফুর জানিয়েছেন, প্রতিদিন ১৫০ থেকে ১৭০ জন রোগী হাসপাতাল ছেড়ে চলে যান। নির্দিষ্ট নিয়ম মেনে ছাড়পত্র নিয়ে এঁরা হাসপাতাল ছাড়েন।
পর্যবেক্ষণে দেখা গেছে, বেলা ১১টার পর থেকে ছাড়পত্র পাওয়া রোগীরা বের হতে শুরু করেন। চলে বেলা ২টা পর্যন্ত। এই সময়ে টাকা নেওয়া হয়। তবে দায়িত্বে থাকা সব আনসার সদস্য এ কাজ করেন না।
২৪ জুন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জরুরি বিভাগে প্রথম আলোর প্রতিবেদক ছিলেন। দুই ঘণ্টায় ১৪ জন রোগীর আত্মীয়দের কাছ থেকে টাকা নিতে দেখা যায়।
মিরপুরের সালেহা বেগমের বোনের ছেলে হয়েছিল দুই দিন আগে। সালেহা প্রথম আলোকে বলেন, ‘আনসার ভাই কাগজ দেখতে চাইল, দেখাইলাম। সইও নিল। কইল, বাচ্চা চুরি ঠেকাইতে হাসপাতালের হিসাব এইটা।’ সালেহা বেগমকে দিতে হয়েছে ৫০ টাকা।