হাসপাতাল থেকে আসামি পালিয়ে যাওয়ায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এক নার্সকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। গত সোমবার রাতের এ ঘটনার পর গতকাল মঙ্গলবার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ গতকাল সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশরাফিকুর রহমান এবং কনস্টেবল আনোয়ার হোসেন ও ফজলু মিয়াকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগে যায়। এ সময় তারা রানা নামে সন্দেহভাজন এক আসামিকে খুঁজতে থাকে। রানা কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।
আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ হাসপাতালের নার্সদের দায়ী করে। একপর্যায়ে ডিবি সদস্যরা হাসপাতালের জরুরি বিভাগের নার্স ও নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল ফজলকে হাসপাতালের বাইরে নিয়ে আসার চেষ্টা করেন। আবুল ফজল বাধা দিলে ডিবি সদস্যরা তাঁর জামার কলার ধরে কিল-ঘুষিসহ বেধড়ক মারধর করতে থাকেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও সহকর্মীরা এসে আবুল ফজলকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার প্রতিবাদে সোমবার রাতেই হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু করেন।
গতকাল সকালে পুলিশ সুপার হারুন অর রশীদ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ডিবি পুলিশের তিন সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন। এ ছাড়া ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। পরে হাসপাতালের কর্মচারী ও নার্সরা সাময়িকভাবে তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, অপহরণ মামলার সন্দেহভাজন আসামি রানাকে হাসপাতালের ভেতর থেকে আটক করেন ডিবি সদস্যরা। তখন নার্সরা আটকের কারণ জানতে চান। এই সুযোগে পালিয়ে যান রানা। এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।