এবার সিলেটে হাসপাতাল থেকে আসামি পালাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেলের পর এবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছেন সামাদ রব্বানী (২৬) নামের এক আসামি। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। তাঁর বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে। কারারক্ষীদের হেফাজতে চতুর্থ তলার চার নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন ছিলেন।

কারা সূত্র জানায়, অসুস্থ অবস্থায় সামাদ রব্বানীকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হেফাজতের দায়িত্বে ছিলেন কারারক্ষীরা। রাত পৌনে দুইটার দিকে তিনি শৌচাগারে যান। কিন্তু দীর্ঘ সময় পরও না ফেরায় কারারক্ষীরা শৌচাগারের দরজা ঠেলে দেখেন সেখানে কেউ নেই এবং সেখানকার ভেন্টিলেটর ভাঙা। সংশ্লিষ্টদের ধারণা, ভেন্টিলেটর দিয়েই পালিয়েছেন সামাদ রব্বানী।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগীর মিয়া জানান, এ ঘটনায় কর্তব্যরত তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে ধরতে সংশ্লিষ্ট থানা-পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন অবস্থায় হত্যা মামলার আসামি ওয়াদুদ খাঁ ওরফে তাজাত পালিয়ে গেছেন। ওয়াদুদ খাঁ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তাঁর পাহারায় ছিলেন রাজারবাগ পুলিশ লাইনসের দুজন সদস্য।
কাজে গাফিলতির কারণে ঘটনার পর সেখানে দায়িত্ব পালনরত পুলিশের এএসআই নিরঞ্জন ও কনস্টেবল মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।