হাসপাতাল থেকে কারাগারে মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

পুলিশ হেফাজতে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কারারক্ষীরা তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে একটার দিকে একজন কর্মকর্তা ও আটজন কারারক্ষী মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান। তিনি ১০ মার্চ থেকে হাসপাতালের সংকটপূর্ণ পরিচর্যাকেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
১০ মার্চ রাত ১১টার দিকে ডিবি পুলিশ মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে নিয়ে যায়। মাহমুদুর রহমান মান্না হাসপাতালের সিসিইউয়ের ইউনিট-১-এ চিকিৎসাধীন ছিলেন। এর আগে চিকিৎসকেরা জানিয়েছিলেন, মান্না উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তাঁর আগের পিঠে ব্যথার সমস্যা ছিল।
মাহমুদুর রহমান মান্নাকে কারাগারে নিয়ে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. আতিকুর রহমান। তিনি জানান, মান্না এখনও সুস্থ নয়। কারা হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়ার কথা বলে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মান্নার কথোপকথন নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একটি দল মান্নাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওই সময় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মান্নাকে আটক করার কথা অস্বীকার করা হয়। দিনভর তাঁর খোঁজ পাওয়া না গেলেও পরদিন ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানার পুলিশের হাতে মান্নাকে হস্তান্তর করে র‍্যাব। তখন সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় গুলশান থানায় মামলা করে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতে হাজির করে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয়। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলায় বিএনপির নেতা সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় আবারও মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আরও পড়ুন: