যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে দুই দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার কোতোয়ালি থানায় একটি মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, ‘নবজাতককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে হাসপাতাল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোর শনাক্ত করার জন্য এই ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, আটক এক নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকে আসামি করে মামলা করেছে। তাঁদের একজন এজাহারভুক্ত আসামি মমতাজ পারভীন, অপরজন অজ্ঞাতনামা। চুরির সময় পুলিশ হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে মমতাজকে আটক করে। তাঁর বাড়ি যশোরের মনিরামপুরে। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।