ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশুটি গতকাল শুক্রবারও উদ্ধার হয়নি। গ্রেপ্তার করা যায়নি ওই শিশুকে চুরি করে নিয়ে যাওয়া নারীকেও।
পুলিশের সন্দেহ, ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির সঙ্গে ভাসমান আয়ারা জড়িত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে গত বৃহস্পতিবার ভোরে নবজাতক যমজের একটি চুরি হয়। শিশুটি মোহাম্মদপুরের বিজলী মহল্লার বাসিন্দা কাওছার হোসেন ও রুনা আক্তার দম্পতির। রুনা যমজ পুত্রসন্তানের অপরটিকে নিয়ে ওই ওয়ার্ডেই আছেন। চুরি হওয়া সন্তানের জন্য তিনি বিলাপ করছেন।
নবজাতক চুরির ঘটনায় করা মামলা তদন্ত করছে রমনা থানার পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম বলেন, সংঘবদ্ধ শিশুচোরদের সঙ্গে হাসপাতালে ভাসমান আয়াদের সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হাসপাতালের সিসি ক্যামেরায় ধারণ হওয়া ছবি দেখে তদন্ত চলছে।
হাসপাতালের কয়েকজন কর্মকর্তা জানান, এর আগেও হাসপাতাল থেকে নবজাতক চুরি হয়েছে। এর সঙ্গে সংঘবদ্ধ চক্র জড়িত। আগে হাসপাতালে নবজাতক চুরি হলে এর সঙ্গে অবৈতনিক ভাসমান আয়াদের সম্পৃক্ততার বিষয়টি নিয়ে আলোচনা হলেও কাজ কিছু হয়নি। ওই আয়ারা রয়েই গেছেন।
হাসপাতালে ঘুরে জানা যায়, নবজাতক ও গাইনি ওয়ার্ডে পালা করে আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। হাসপাতালে প্রবেশের সব ফটকে আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। জরুরি বিভাগের পাশে রয়েছে পুলিশ ক্যাম্প। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের করিডরে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা রয়েছে। কয়েকজন কর্মকর্তা জানান, এত কড়া নিরাপত্তার মধ্যে ভাসমান আয়াদের সহযোগিতা ছাড়া কারও পক্ষে ওয়ার্ড থেকে বাচ্চা চুরি করা সম্ভব নয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, গাইনি বিভাগে আয়া না থাকায় ভাসমান আয়াদের দিয়ে কাজ করানো হচ্ছে। আর রোগীর স্বজনেরা সেবার জন্য ভাসমান আয়াদের চাইছেন।
বৃহস্পতিবার চুরি হওয়া নবজাতকের বাবা কাওছার হোসেন তাঁর সন্তানকে উদ্ধারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তিনি বলেন, সন্তান ফিরে পাবেন, এ আশায় তিনি এখনো বুক বেঁধে আছেন।