হাসপাতাল থেকে দুই আসামির পলায়ন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ড থেকে পুলিশি হেফাজতে থাকা দুই আসামি পালিয়ে গেছেন। গত রোববার সন্ধ্যার পর কোনো একসময়ে তাঁরা পালিয়ে যান।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাতক দুই আসামি হলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামের মো. তারেক (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক গ্রামের মো. ইয়াসিন (২০)। তাঁরা দুজনে ডাকাতি মামলার আসামি।
হাসপাতালের কারা ওয়ার্ড সূত্রে জানা গেছে, গণপিটুনিতে আহত তারেককে ১ জুলাই হাসপাতালের কারা ওয়ার্ডে আনা হয়। রোববার বিকেলে ইয়াসিনকেও চিকিৎসার জন্য একই ওয়ার্ডে আনা হয়। রোববার ইফতারের পর কোনো একসময়ের মধ্যে তাঁরা হাসপাতালের ঘুলঘুলি (ভেন্টিলেটর) ভেঙে পালিয়ে যান। রাতের খাবার দিতে এসে পুলিশ বিষয়টি টের পায়। এরপর পুলিশ ওই দুই আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। গতকাল সোমবার বিকেল পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. হাবিব আবদুল্লাহ বলেন, ‘হাসপাতালের কারা ওয়ার্ডের নিরাপত্তার কোনো দায়দায়িত্ব আমাদের নেই। আমরা শুধু ওষুধপথ্য দিয়ে থাকি। কারা ওয়ার্ডে তালা লাগানো থাকে এবং তালার চাবিও নিরাপত্তাবাহিনীর কাছে থাকে। আমাদের লোক ফটকের বাইরে থাকে। স্বাভাবিক কারণেই এ দায়দায়িত্ব পুলিশের নিরাপত্তাকর্মীদের ওপর বর্তায়।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান গতকাল বিকেলে বলেন, পালিয়ে যাওয়া আসামিদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগের বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।