হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর নগর মাতৃসদন হাসপাতাল থেকে গত বৃহস্পতিবার রাতে একটি নবজাতক চুরি হয়েছে। কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ নবজাতকটি উদ্ধার করতে পারেনি।
নবজাতকের মায়ের নাম মুক্তি খাতুন (১৮)। বাবা দিনমজুর নাসির উদ্দিন। তাঁদের বাড়ি রাজশাহী নগরের চরশ্যামপুর এলাকায়। মুক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে তাঁর মা রোজিনা বেগম রাতেই শাহমখদুম থানায় মামলা করেন। পুলিশ হাসপাতালের মাঠকর্মী তহুরা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।
রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) নামের একটি এনজিও নওদাপাড়ায় এই হাসপাতালটি চালায়। আরবান প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি প্রজেক্টের আওতায় এটি চলে। স্থানীয় সরকারের কাছে এই প্রকল্পের টাকা আসে এশিয়া উন্নয়ন ব্যাংক থেকে। এই এনজিওর অধীন আরও পাঁচটি নগর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এগুলো নগরের ২১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
গতকাল সকালে ওই মাতৃসদন হাসপাতালে গেলে প্রসূতি মুক্তি বলেন, গ্রেপ্তার হওয়া তহুরার বাড়ি নগরের ডাঁশমারী এলাকায়। তিনি ডাঁশমারী স্বাস্থ্যকেন্দ্রের একজন মাঠকর্মী। তহুরা দুবার তাঁর বাসায় গেছেন। একবার ৩০-৩৫ বছর বয়সী একজন অচেনা নারীকে সঙ্গে নিয়ে যান। তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তহুরা বলেছিলেন, এই নারী বিদেশি একটি প্রকল্পে কাজ করেন। তাঁর ২০ জন অন্তঃসত্ত্বার স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র লাগবে। এ জন্য তিনি এসেছেন। বিদেশি প্রকল্প থেকে তিনি এই ২০ জন মাকে আর্থিক সহযোগিতাও দেবেন।
মুক্তি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি মাতৃসদন কেন্দ্রে ভর্তি হন। সব সময় তহুরা তাঁর সঙ্গে ছিলেন। অচেনা নারী তাঁর চিকিৎসা খরচ বাবদ তহুরার হাতে তিন হাজার টাকা তুলে দেন। পরে আরও এক হাজার টাকা দেওয়ার কথা। ওই নারী তাঁর (মুক্তি) বাচ্চার জন্য একটি তোয়ালে, কম্বল ও নতুন পোশাক কিনে আনেন। বেলা সাড়ে তিনটায় তাঁর ছেলেসন্তান হয়। রাত সাড়ে নয়টার দিকেও শিশুটি তাঁর (মুক্তি) মায়ের কোলে ছিল। এরপর ওই নারী তাঁর মা ও শাশুড়ির কাছ থেকে কৌশলে শিশুটি নিয়ে পালিয়ে যান। হাসপাতালের বাইরে প্রহরী ছিলেন আবদুস সামাদ শেখ। তিনি ওই নারীকে শিশুটিকে নিয়ে বের হয়ে যেতে দেখেছেন।
হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, নগরের ডাঁশমারী এলাকার অন্তরা খাতুন ও নূরজাহান বেগম নামের আরও দুজন প্রসূতির সঙ্গে ওই নারীকে পরিচয় করিয়ে দিয়েছেন তহুরা। তাঁদের মধ্যে অন্তরার সন্তান হয়েছে বৃহস্পতিবার রাতে ও নূর জাহানের মঙ্গলবার। তাঁদেরও একই কথা বলা হয়েছে এবং কিছু টাকা ও কাপড়চোপড়ও কিনে দেওয়া হয়েছে। অন্তরা ও নূর জাহান বলেন, তাঁরা তাঁদের সন্তানকে কিছুতেই হাতছাড়া করেননি। এ জন্য তাঁদের সন্তান নেওয়ার সুযোগ পাননি।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তহুরার ভাষ্য অনুযায়ী অচেনা ওই নারীর নাম পলি। একটা ফোন নম্বরও তহুরা দিয়েছেন। কিন্তু ওই নম্বরে ফোন করলে অন্য লোকজন কথা বলছেন। ওসি বলেন, অন্য বাচ্চা দুটি মেয়ে হওয়ার কারণে হয়তো নেওয়ার চেষ্টা করেননি। তাঁরা (পুলিশ) ঘটনার ব্যাপারে সব জায়গায় খবর দিয়ে রেখেছেন।
হাসপাতালে পিএসটিসির কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। উল্লাস সাহা নামের একজন অফিস সহকারীকে পাওয়া যায়। তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
নগরবাসীর স্বাস্থ্যসেবার জন্য সিটি করপোরেশন ২০০৩ সালে এটি নির্মাণ করেছে। উদ্বোধন করা হয় ২০০৬ সালে। পিএসটিসি প্রায় ১০ বছর ধরে এটি চালাচ্ছে।