হাসপাতাল থেকে পালালেন আসামি!
ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় এক আসামি পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছেন।
গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আসামি শহীদ প্রামাণিক (৩৫) উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাজারকান্দি গ্রামের জাহের প্রামাণিকের ছেলে।
তবে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ দাবি করেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনো আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। আর শহীদ প্রামাণিক নামে কাউকে তাঁরা গ্রেপ্তারও করেননি।
তবে শহীদের স্ত্রী শাহীনুর বেগম বলেন, গত রোববার সকালে পুলিশ তাঁকে থানায় ডেকে নিয়ে সাদা কাগজে সই নেন। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য গতকাল বিকেলে ওসির মুঠোফোনে কয়েক দফা ফোন করা হলেও তিনি তা ধরেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা আরিফ হোসেন বলেন, রোববার বিকেলে সদরপুর থানার উপপরিদর্শক মশিউর রহমান শহীদকে পুলিশ পাহারায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে যান। কনস্টেবল ইমারত হোসেন ওই আসামির পাহারায় ছিলেন। আসামিকে ১১ নম্বর বিছানায় হাতকড়া পরা অবস্থায় রাখা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কবির উদ্দিন প্রথম আলোকে বলেন, রোববার রাতে শহীদ প্রামাণিক হাসপাতালের দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ির পাশের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান।
গত ৫ জুন বাজারকান্দি গ্রামে মারামারির ঘটনায় দায়ের করা মামলার ১১ নম্বর আসামি ছিলেন শহীদ প্রামাণিক। রোববার দুপুরে শহীদকে গ্রেপ্তার করে পুলিশ।