হাসপাতাল থেকে পালিয়েছেন কয়েদি, দুই কারারক্ষী বরখাস্ত
মাদক মামলায় দুই বছরের জন্য কারাদণ্ড হয়েছিল কেরানীগঞ্জের মো. সোহেলের (৪২)। কিন্তু দেড় মাসের মাথায় গতকাল মঙ্গলবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগার থেকে পালিয়েছেন। এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবীর বলেন, মাদক ব্যবসায়ী সোহেলকে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। গত ১৪ অক্টোবর থেকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তিনি অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তিনি হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে গতকাল দুপুরে তাঁকে ছাড়পত্র দেন চিকিৎসক।
জাহাঙ্গীর বলেন, কারারক্ষী আজিজুল হক ও নজরুল মানিকের পাহারায় গতকাল দুপুরে সোহেলকে আবার কারাগারে নেওয়ার জন্য হাসপাতাল থেকে বের করা হয়। হাসপাতালের বহির্বিভাগের মূল ফটকের কাছে এলে সোহেল শৌচাগারে যাবেন বলে কারারক্ষীদের জানান। কারারক্ষী দুজন বাইরে দাঁড়িয়ে সোহেলকে শৌচাগারের ভেতরে পাঠান। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও সোহেল শৌচাগার থেকে বের না হওয়ায় কারারক্ষী ভেতরে গিয়ে দেখেন তিনি পালিয়েছেন। পালানোর সময় সোহেলের হাতে হাতকড়া ও অন্য হাত দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছেন এই জেল সুপার।
বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, শৌচাগারের জানালার একটি গ্রিল নেই। সোহেল ওই জানালা দিয়েই পালিয়েছেন। তাঁর কয়েদি নম্বর ৩৬০৯/এ।
তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় দুই কারারক্ষী চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ১৫ দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা করা হবে।
এর আগে ১৩ নভেম্বর রাজধানীতে গারো তরুণী ধর্ষণের মামলার আসামি রাফসান হোসেন রুবেল আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। পরদিন বাড্ডার সুবাস্তু টাওয়ারের কাছ থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।