>স্বামী তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে বাইরে কাজে যান। এরপর বেলা দুইটার দিকে তিনজন অপরিচিত যুবক লাথি মেরে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়েন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরতে না-ফিরতেই আবার সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে বাড়ি ফেরার পরপরই এই হামলার শিকার হন ওই নারী। এ ঘটনায় মহিলা পরিষদসহ জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠন ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি সহিদুল ইসলামকে কারাগারে পাঠান আদালত। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতার উল আলম তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠান।
ভুক্তভোগী নারী বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোমবার দুপুর ১২টার দিকে স্বামীর সঙ্গে চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের নিজ বাড়িতে যান। স্বামী তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে বাইরে কাজে যান। এরপর বেলা দুইটার দিকে তিনজন অপরিচিত যুবক লাথি মেরে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। এর মধ্যে একজন তাঁর কাছে এসে বলে, ‘নির্যাতিত হইচিস? এখনো মরিসনি? আজকে তোকে শেষ করে ফেলব।’ ওই যুবক এই বলে চাকু বের করে মারতে উদ্যত হলে তাঁর চিৎকারে বাড়িতে থাকা ফুফু নবীজান (৪০) ছুটে আসেন। তখন সন্ত্রাসীরা দৌড়ে পালায়।
ওই নারীর স্বামী হাসান আলী বলেন, খবর পেয়ে তিনি বাড়ি এসে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় নিজ বাড়ি ছেড়ে অপর এক আত্মীয়র বাড়িতে রাত্রিযাপন করেন। গতকাল সকাল ১০টায় দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান বাড়িতে আসেন। এরপর মানবাধিকার সংগঠনের নেতারা তাঁকে পুলিশ সুপারের কাছে নিয়ে যান। পুলিশ সুপারকে পরিস্থিতি জানানো হয়। ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী এবং মানবাধিকার সংগঠনের নেতারা পুলিশ সুপারের কাছে পরিবারটির নিরাপত্তা দাবি করেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা ও দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন, আসামিরা ধনী ও স্থানীয়ভাবে প্রভাবশালী। চিরিরবন্দরের ওসি মোটা অঙ্কের টাকা খেয়ে আসামিদের পক্ষ নিয়েছেন। এ কারণেই ওই নারী ও তাঁর পরিবারের ওপর প্রভাবশালী ব্যক্তিরা এত দিন ধরে নির্যাতন চালিয়ে যাওয়ার সাহস করেছেন।
কানিজ রহমান বলেন, বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ওই থানার ওসির অপসারণের দাবি করা হয়েছে।
পুলিশ সুপার রুহুল আমিন বলেন, অভিযোগ শোনার পর ভুক্তভোগী পরিবারটিকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি পরিবারটিকে তাঁদের নিজ বাড়িতে নির্বিঘ্নে বসবাসের পরামর্শ দেন। সেই সঙ্গে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে আজ বুধবার বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলা সদরে স্থানীয় কমিউনিটি পুলিশ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের নিয়ে এক সভা ডাকা হয়েছে। সভায় মানবাধিকার সংগঠনগুলোর নেতাদেরও উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৫ আগস্ট রাতে আউলিয়াপুকুর ইউনিয়নের গালতৈড় কাচলডাঙ্গা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে সহিদুল ইসলাম, মকবুল হোসেনের ছেলে মনজুরুল ইসলাম এবং মৃত খয়ের উদ্দিনের ছেলে রকিবুল ইসলাম ভুক্তভোগী ওই নারীকে ধরে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে প্রচণ্ড মারধরের সঙ্গে সঙ্গে শ্লীলতাহানি ঘটান। পরে মুমূর্ষু অবস্থায় ফেলে সন্ত্রাসীরা চলে গেলে গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।