হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা, গ্রেপ্তার ২
চিকিৎসক দেখাতে স্ত্রীকে নিয়ে গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান বেলাল হোসেন। বহির্বিভাগের পাশে মোটরসাইকেল রেখে দোতলায় যান তিনি। চিকিৎসকের কক্ষে প্রবেশ করার জন্য অপেক্ষায় থাকেন। হঠাৎ দেখতে পান, নিচে রাখা মোটরসাইকেলটি চুরি করার চেষ্টা করছে দুই যুবক।
বেলালের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে আশপাশে থাকা লোকজন ও পুলিশ। লোকজন পিটুনি দিয়ে দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করে। তারা হলো জামাল হোসেন ও মিন্টু কান্তি দে। দুজনেই চট্টগ্রাম নগরের মেয়র গলিতে থাকে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক (উপপরিদর্শক) জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, হাসপাতাল এলাকা থেকে কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে সেখানে নজরদারি বাড়ানো হয়। গতকাল মোটরসাইকেল চুরি করার সময় জনগণের সহায়তায় পুলিশ দুই চোরকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে বেলাল হোসেন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন বলে জানান সহকারী উপপরিদর্শক উপল চাকমা।